তারেক রহমানের জনসভা
ভোর থেকেই কানায় কানায় পূর্ণ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ
সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোর থেকেই বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও নেতাকর্মী ও সাধারণ মানুষের অবস্থান দেখা যায়।
সিলেটের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা রাত থেকেই জনসভাস্থলে জড়ো হতে থাকেন। অনেকেই বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে রাতে সিলেটে পৌঁছান। কেউ কেউ মাঠেই রাত কাটান।
আরও পড়ুন: নাম ভাঙিয়ে অপকর্মে জড়ালে কঠোর ব্যবস্থা: যুবদলের কেন্দ্রীয় সতর্কবার্তা
সকাল গড়াতেই জনসভাস্থল ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার, রঙিন জার্সি ও টুপি পরিহিত নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল জনসভাস্থলে প্রবেশ করতে দেখা যায়। বিভিন্ন স্লোগান ও দলীয় গান-বাজনায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থলে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন নুসরাত তাবাসসুম
এদিকে জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মাঠে প্রবেশের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি।
বিএনপির নেতারা জানিয়েছেন, এই জনসভা থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হতে পারে। জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।





