শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৫০ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলটি তাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমুখী নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

এর আগে রাজধানী ঢাকায় আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন জানান, ইশতেহার প্রণয়নের সব তাত্ত্বিক ও প্রায়োগিক কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে বিএনপি দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অভাব-অভিযোগ এবং প্রত্যাশা সরাসরি শুনে এসেছে। জনগণের সেই মতামত ও অংশগ্রহণের প্রতিফলন ঘটিয়েই এবারের ইশতেহার চূড়ান্ত করা হয়েছে, যা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে দলটির বিশ্বাস।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

মাহদী আমিন আরও বলেন, বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ এবং ‘২৭ দফা’র মূল নীতিমালার আলোকে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সেই অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়েই এবারের ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ প্রজন্মের কর্মসংস্থান, কৃষকের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে।