জনগণ বিএনপির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে: নজরুল ইসলাম খান
ভোটের রায়ের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর জন্মদিনে অন্ধ হাফেজদের নিয়ে দোয়ার আয়োজন করলো ছাত্রদল
নজরুল ইসলাম খান বলেন, ফলাফল ঘোষণার ধারাবাহিকতায় ইতোমধ্যে স্পষ্ট হয়েছে যে বিএনপি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয় অর্জন করেছে। পাশাপাশি জোটভুক্ত দলগুলোর উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীও জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী পাঁচ বছর দেশের সার্বিক কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছে বলে তিনি দাবি করেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের অনেক নির্বাচনে প্রাণহানি, সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এবারের নির্বাচনে বড় ধরনের সহিংসতা না হওয়াকে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, দীর্ঘ সময় ভোটাধিকার প্রয়োগের সুযোগ না থাকায় ভোটবিমুখতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। ভবিষ্যতে ভোটারদের আরও বেশি উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আপাতত স্থগিত থাকার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী সময়ে ওই আসনগুলোর ফল ঘোষণা করবে। তবে এ দুটি আসন ছাড়া সরকার গঠনে বিএনপির কোনো সাংবিধানিক জটিলতা নেই বলেও তিনি উল্লেখ করেন।
দলীয় প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছিল এবং প্রতিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর মধ্যেই বিজয়ের প্রত্যাশা থাকে। আগামী দিনে দলের ফলাফল আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।





