সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রার্থী ৬০০ ছাড়াল

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীর সংখ্যা ছয় শতাধিক ছাড়িয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রথম দিনেই পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে এবং শুক্রবার দুপুর পর্যন্ত তা ছয় শতাধিক ছাড়িয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭৮ থেকে ৭৯টি মনোনয়নপত্র জমা পড়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

রিজভী বলেন, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।

তিনি আরও জানান, প্রার্থীদের আবেদন দলের উচ্চপর্যায়ের মনোনয়ন বোর্ডে যাচাই-বাছাই করা হবে। আন্দোলন-সংগ্রামে যাদের অবদান রয়েছে, সংসদে কথা বলার দক্ষতা এবং সমাজে গ্রহণযোগ্যতা আছে—এমন প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের

বিএনপির পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের পর গণতান্ত্রিক চর্চার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে দলের নেতাকর্মীদের আগ্রহ বেড়েছে। ফলে মনোনয়নপ্রার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এদিকে শনিবারও বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে কণ্ঠশিল্পী কনকচাঁপা, প্রয়াত স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইনসহ সাবেক সংসদ সদস্যরাও রয়েছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।