পাঁচ লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়ে রিজভীর সঙ্গে এ্যাবের মতবিনিময়

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১০:৩১ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রম জোরদার করতে পাঁচ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। এ কর্মসূচির বাস্তবায়ন এবং কৃষি খাতের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সঙ্গে মতবিনিময় করেছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি কৃষি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি, কৃষি প্রশাসনের কার্যক্রম এবং কৃষি উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে মাঠে ১১ দল, ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বৈঠকে এ্যাব নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত পাঁচ লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করে ব্যাপক পরিসরে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

রুহুল কবীর রিজভী পরিবেশবান্ধব এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন: মারা গেছেন সাবেক এমপি সেলিমা আহমাদ

এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, আগামী পাঁচ বছরে সংগঠনের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন এলাকায় কমপক্ষে পাঁচ লাখ গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার পদক্ষেপও নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কৃষিবিদরা এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সভায় এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার কৃষি খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ খাতে আরও বেশি বিনিয়োগ ও বরাদ্দ প্রয়োজন। একই সঙ্গে কৃষি প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

এ সময় রিজভী কৃষি খাতে বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তা জনসম্মুখে তুলে ধরতে একটি সেমিনার আয়োজনের পরামর্শ দেন। তার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগামী ২৯ জুন কেআইবি অডিটোরিয়ামে কৃষি খাতে বাজেট বৃদ্ধি বিষয়ে একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতিও দেন তিনি।

রিজভী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কৃষিবিদদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং কৃষি খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি দেশের সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং পরিবেশ সুরক্ষার পাশাপাশি কৃষি খাতের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।