বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপির চট্টগ্রাম মহানগর নেতাকে গ্রেপ্তার
বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার নগরের হালিশহর এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপর্দ করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ জুলাই এক কলেজছাত্রী আফতাব মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা পেলেন মানিকগঞ্জ জেলায় পদায়ন
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, প্রায় তিন মাস আগে চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফতাব মজুমদারের পরিচয় হয়। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। নিজেকে প্রতারণার শিকার দাবি করে ওই তরুণী থানায় মামলা দায়ের করেন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলায় উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণের মাধ্যমে তদন্ত এগিয়ে নেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
আরও পড়ুন: এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার যেকোনো সময়
এদিকে অভিযোগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, অভিযোগটিকে দল গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রাথমিক তথ্য যাচাই করে সাংগঠনিক বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, মামলার অভিযোগ আদালতে এখনো বিচারাধীন। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইনের দৃষ্টিতে অভিযুক্ত ব্যক্তি নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।





