সাবেক আইজিপি ড. এম. এনামুল হক মারা গেছেন
ছবিঃ সংগৃহীত
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন। রোববার (৩০ আগস্ট) ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর তথ্য জানানো হয়েছে। পোস্টে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিএনপির মিডিয়া সেলের পোস্টে আরও বলা হয়, ড. এম. এনামুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। ড. এম. এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিযুক্ত হন।
পুলিশের দায়িত্ব পালনের পর তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি আইন কমিশনের সদস্য ছিলেন।
ড. এম. এনামুল হকের স্ত্রী শিক্ষাবিদ ও লেখক অনামিকা হক লিলি। তাদের এক মেয়ে অদিতি তিতাস হক এবং দুই ছেলে আশিম শৈতাল হক ও অনীক আর. হক। তার মৃত্যুতে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।





