মাঠে ফিরছে সাকিব–মাশরাফির প্ল্যাকার্ড: নিষেধাজ্ঞা থেকে সরে এলো বিসিবি

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে মাঠে দর্শকরা এই দুই ক্রিকেটারের ছবি ও তাদের নিয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে পারবেন—এমনটাই জানিয়েছেন বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগের সংসদ সদস্য এই দুই ক্রিকেটারকে ঘিরে জনমনে তৈরি হয় দ্বিমুখী মনোভাব। এর প্রভাব পড়ে মাঠেও। বিভিন্ন সময় দর্শকদের সাকিব ও মাশরাফির ছবি বা প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ৮ বছর পর ওয়ানডে দলে ৪০ বছরের ক্রেমার

এদিকে, নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ দেশের মাটিতে খেলার ইচ্ছা প্রকাশ করলেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে তা বাস্তবায়ন করতে পারেননি সাকিব আল হাসান। অন্যদিকে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও দীর্ঘদিন ধরে আড়ালে রয়েছেন।

তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি সেই অবস্থান থেকে সরে এসেছে। সংবাদমাধ্যমকে ইসরাফিল খসরু বলেন, ‘সাকিব-মাশরাফির রাজনৈতিক পরিচয় আলাদা বিষয়। ক্রিকেট-রাজনীতি এক নয়। যারা যে খেলোয়াড়কে পছন্দ করে, তারা তার ছবি নিয়ে মাঠে ঢুকতেই পারে। এতে কোনো বাধা থাকা উচিত নয়।’

আরও পড়ুন: ‘তামিম খেলোয়াড় ছিল, আমরা খেলোয়াড়দের সুবিধা-অবকাঠামোকে প্রাধান্য দিচ্ছি’

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট আজ যে অবস্থানে এসেছে, তা ধাপে ধাপে গড়ে উঠেছে এবং এই যাত্রায় মাশরাফি, সাকিব ও তামিমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন এই সিদ্ধান্তের ফলে আবারও মাঠে দেখা যেতে পারে প্রিয় ক্রিকেটারদের ছবি ও সমর্থনে প্ল্যাকার্ড, যা ক্রিকেটের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।