শান্ত-মুশফিকের ব্যাটে বড় ইনিংসের আশা নিয়ে লাঞ্চে বাংলাদেশ
ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ হয়েছে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে। নাজমুল হোসেন শান্ত ২৩ ও মুশফিকুর রহিম ৪ রানে অপরাজিত আছেন। ২৪ রানে ৩ উইকেট হারানোর পর এই জুটির ব্যাটে বড় ইনিংসের আশায় রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ২১০ রানে অলআউট করে ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারীরা।
কিন্তু দ্বিতীয় ইনিংসেও শুরুতেই মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে বাংলাদেশ। তৃতীয় ওভারে অজি পেসারের বলে টানা দুটি উইকেট হারায় সফরকারীরা। প্রথম ২ ওভারে ৫ রান তুলেছিল বাংলাদেশ। তৃতীয় ওভারে স্টার্ক সাদমান ইসলামকে ১ রানে পয়েন্টে মার্নাস লাবুশেনের ক্যাচ বানান। পরের বলেই মুমিনুল হকের অফস্টাম্প ভেঙে দেন তিনি। ফলে ৫ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
আরও পড়ুন: স্টার্কের ৬ উইকেটের জবাবে শরিফুলের ছয় শিকার, অস্ট্রেলিয়ার লিড ১০১
এরপর ক্রিজে এসে মারমুখী ব্যাটিং করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নবম ওভারে স্টার্ককে টানা দুটি চার মারেন তিনি। প্রায় একশ স্ট্রাইক রেটে রানের গতি বাড়ান শান্ত। তবে তানজিদ হাসান তামিম বেশিক্ষণ তাকে সঙ্গ দিতে পারেননি।
অষ্টম ওভারে প্যাট কামিন্সের বলে বাউন্ডারির সামনে মিচেল স্টার্কের ক্যাচ হন তানজিদ। ৩৪ বলে ৯ রান করেন তিনি। ডারউইনে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর টানা দুটি ইনিংসে ডাক মারার পর এবার রানের খাতা খুললেও দুই অঙ্কে যেতে পারেননি তানজিদ।
আরও পড়ুন: শরিফুল-তাসকিনের তোপে অস্বস্তিতে অস্ট্রেলিয়া
এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে পেসার হিসেবে সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন শরিফুল ইসলাম। ৪৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছিল বাংলাদেশ।
দ্বিতীয় দিন ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। দিনের অষ্টম ওভারে সেট ব্যাটার ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে দেন শরিফুল। বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন করেছিল। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট না দিলে রিভিউ নেয় বাংলাদেশ।
শরিফুলের ইনসুইং ইয়র্কার গ্রিনের পায়ের আঙুলে আঘাত করে। রিভিউয়ে সফল হয় বাংলাদেশ। ১০৫ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ৬৭ রান করে ফেরেন গ্রিন।
এরপর নাথান লায়ন ও জশ হ্যাজেলউড ২৪ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার লিড বাড়াতে থাকেন। লায়ন ৬২ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন। হ্যাজেলউডকে ৬ রানে সাদমান ইসলামের ক্যাচ বানান তাইজুল ইসলাম।
অস্ট্রেলিয়াকে ২১০ রানে অলআউট করে ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে বাংলাদেশ। প্রথম সেশন শেষে ৩ উইকেটে ৩৯ রান নিয়ে এখনো ১০৭ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।





