আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণা

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:২৫ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় ফুটবল দলকে বিদায় জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের এই সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছর বয়সী এই তারকা।

দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে নিজের সর্বোচ্চটা দেওয়ার কথা উল্লেখ করে মেসি লেখেন, "অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় দলের হয়ে দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। এখন নতুন প্রজন্মের তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার উপযুক্ত সময়।"

আরও পড়ুন: সেভিয়াকে হারিয়ে লিগে দ্বিতীয় জয় অ্যাটলেটিকো মাদ্রিদের

বিদায়ী পোস্টে মেসি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার দুই দিন পর, অর্থাৎ ২১ জুলাই তিনি এই বার্তাটি তৈরি করে রেখেছিলেন। তবে পরবর্তীতে বাবার প্রয়াণ তার এই সিদ্ধান্তকে আরও ত্বরান্বিত ও দৃঢ় করে।

বিগত দুই দশকের পথচলায় পাশে থাকার জন্য আর্জেন্টিনার সমর্থক, পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ ও ফুটবল বোর্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। বার্তার শেষ লাইনে তিনি লেখেন, "ধন্যবাদ ঈশ্বর, আমাকে আর্জেন্টাইন করার জন্য। ভামোস আর্জেন্টিনা।"

আরও পড়ুন: হালান্ড-চেরকির জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিল ম্যানসিটি

আর্জেন্টিনার হয়ে মেসি ২০০৮ সালে অলিম্পিক সোনা জয় করেন। এরপর ২০২১ ও ২০২৪ সালে টানা দুটি কোপা আমেরিকা এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় করে দেশকে এনে দেন কাঙ্ক্ষিত সাফল্য। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজিত হওয়ার মাধ্যমেই শেষ হলো অ্যালবিসেলেস্তেদের হয়ে তার ঐতিহাসিক পথচলা।