যেভাবে ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:১৪ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে ফাইনালে ওঠার লড়াইয়ে চাপে পড়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলেও ফাইনালের টিকিট নিশ্চিত হবে না। নেট রান রেটের হিসাব মেলাতে বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের।

সংযুক্ত আরব আমিরাতে চলমান এই সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচটি ছিল হতাশার। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট হয়ে যায় দল। ফলে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের পরাজয়ের পর বাংলাদেশের নেট রান রেট দাঁড়ায় মাইনাস ১.৯৮০-এ।

আরও পড়ুন: এমবাপ্পের জোড়ায় এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল

এরপর ১৯ অক্টোবর আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হেরে যায় জিম্বাবুয়ে। এতে ফাইনালে ওঠার সমীকরণ আরও জটিল হয়ে পড়েছে বাংলাদেশের জন্য।

আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ লিগ ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে দলকে। আর পরে ব্যাটিং করলে প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য নির্দিষ্ট ওভারের মধ্যে অতিক্রম করতে হবে।

আরও পড়ুন: জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রকাশিত হিসাব অনুযায়ী, বাংলাদেশ ২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে। ২২০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪০.৫ ওভারের মধ্যে। ২৪০ রানের লক্ষ্য পেলে জিততে হবে ৪১.১ ওভারের মধ্যে এবং ২৫০ রানের লক্ষ্য হলে ৪১.৩ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে।

একইভাবে, ২৬০ রানের লক্ষ্য পেলে ৪১.৪ ওভার, ২৭০ রানের লক্ষ্য হলে ৪১.৫ ওভার, ২৮০ রানের লক্ষ্য হলে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য হলে ৪২.২ ওভারের মধ্যে জয় পেতে হবে বাংলাদেশকে।

তিন দলের এই প্রতিযোগিতায় লিগ পর্বে প্রতিটি দল অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলছে। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচটি।