দেশে ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৫ | আপডেট: ৬:০৯ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে সবধরনের ইন্টারনেটের বর্তমান দাম থেকে ১০ শতাংশ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী মাস (এপ্রিল) থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। 

রোববার (২৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুগল এআই প্লাসের দাম কমল

তিনি বলেন, শনিবার (২২ মার্চ) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এপ্রিল মাস থেকে ১০ শতাংশ কমিয়ে নতুন দাম কার্যকর করা হতে পারে। 

এ বিষয়ে বিএসসিপিএলসি-এর পক্ষ থেকে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।

আরও পড়ুন: হঠাৎ সার্ভার ডাউন ফেসবুক ও মেসেঞ্জার, ব্যবহারকারীদের লগআউট

প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমে আসবে। এছাড়া ব্যাকবোন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম (DWDM) সুবিধা দেওয়ার কথা হচ্ছে। যার ফলে ট্রান্সমিশন বাবদ টেলিকম কোম্পানিগুলোর খরচ ৩৯ শতাংশ কমে যাবে।

প্রধান উপদেষ্টার বিশেষ এ সহকারী বলেন, ইতোমধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে।

আগামী বছরের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সঙ্গে বাংলাদেশ যুক্ত হবে বলেও জানান তিনি।