ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
রোববার (৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: আগামী ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: দুপুরের মধ্যে দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা,
আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সারাদেশে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।





