কন্যা হত্যায় বাবা গ্রেপ্তার

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ন, ২৫ জুন ২০২৩ | আপডেট: ১১:৫৫ পূর্বাহ্ন, ২৫ জুন ২০২৩
গ্রেপ্তার অভিযুক্ত বাবা টিপু মিয়া
গ্রেপ্তার অভিযুক্ত বাবা টিপু মিয়া

ফেনীতে নিজ হাতে কন্যাকে হত্যা করেছে বাবা। ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরে চুবিয়ে জান্নাতুল আরিফা আক্তার (৯) নামে এক শিশুকে নিজ হাতে হত্যা করেছে বাবা টিপু মিয়া।

শনিবার (২৪ জুন) রাতে পুলিশ এ ঘটনায় অভিযুক্ত বাবা টিপু মিয়াকে (৩৭) আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য বের হয়ে আসে।

আরও পড়ুন: আশুলিয়ায় চুরির অপবাদে নির্যাতনের পর রিকশাচালকের আত্মহত্যা

গ্রেপ্তার টিপু মিয়া দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর গ্রামের কবির আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।

মামলার এজহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের দিকে পারিবারিক কলহের জেরে টিপু মিয়ার সঙ্গে তার স্ত্রী রোমানা আক্তারের বিচ্ছেদ ঘটে। ওই সময়ে জান্নাতুল আরিফা আক্তারের বয়স ছিল ৯ মাস। পরে টিপু মিয়া আবার বিয়ে করলে সেখানে আরও ২ মেয়ের জন্ম হয়। প্রথম সংসারের মেয়ের ভরণপোষণ ও দ্বিতীয় সংসারের পারিবারিক ব্যয় নির্বাহ করতে গিয়ে অতিষ্ঠ হয়ে পড়েন স্বল্প আয়ের টিপু মিয়া।

আরও পড়ুন: কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

গত ১৮ জুন টিপু তার মেয়ে আরিফাকে নিজের বাড়িতে বেড়াতে নিয়ে আসে। পরে ২১ জুন বিকেলে বাড়ির পাশে পদুয়া পুকুরে গোসল করানোর কথা বলে নিজ মেয়ে আরিফাকে পানিতে চুবিয়ে হত্যা করে টিপু। পরে আরিফাকে পাওয়া যাচ্ছে না বলে এলাকায় মাইকিং ও নানা প্রচারণা চালায় স্বজনরা। এক পর্যায়ে পুকুরে আরিফার মরদেহ ভেসে ওঠার পর প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে সন্দেহ হলে পুলিশ ময়নাতদন্তের ব্যবস্থা করে তদন্ত শুরু করে।  

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ঘটনার পর থেকে আরিফার বাবা আত্মগোপনে চলে যায়। শনিবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মেয়ের ভরণ পোষণ দেওয়া থেকে বাঁচতে নিজ হাতে পানিতে চুবিয়ে আরিফাকে হত্যা করেছে বলে রোমহর্ষক বর্ণনা দেন। এ ঘটনায় আরিফার মা রোমানা আক্তার বাদী হয়ে মামলা করেন। রবিবার (২৫ জুন) বিকেলে মেয়ে হত্যাকারী বাবা টিপু মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।