ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে ফেনীস্থ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: আশুলিয়ায় চুরির অপবাদে নির্যাতনের পর রিকশাচালকের আত্মহত্যা
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হলে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় পণ্য ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ২০ হাজার টাকা।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ (পুশইন) বৃদ্ধি পাওয়ায় সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
আরও পড়ুন: কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১
তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালান পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।





