কুলাউড়ায় অটোরিকশাচালক খুন, আত্মসমর্পণ করলো ঘাতক হান্নান

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ১১ জুন ২০২৫ | আপডেট: ৬:৫৬ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে শাহীন (২৫) নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত আব্দুল হান্নান (৩৫) থানায় আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে বড়লেখা থানায় এসে আত্মসমর্পণ করে সে। পরে কুলাউড়া থানার পুলিশ বড়লেখা থেকে তাকে গ্রেপ্তার করে কুলাউড়ায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ মে সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে হঠাৎ দৌড়ে নেমে এসে শাহীনকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হান্নান। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি

হত্যার পর থেকেই আত্মগোপনে চলে যায় হান্নান। তাকে গ্রেপ্তারে তাৎক্ষণিক কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বড়লেখাসহ বিভিন্ন স্থানে অভিযান চালান। একাধিক অভিযানের পর মঙ্গলবার বিকেলে পুলিশের তৎপরতায় ভীত হয়ে সে আত্মসমর্পণ করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, শাহীন হত্যার ঘটনায় নিহতের পরিবার হান্নানের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল। মঙ্গলবার বিকেলে সে আত্মসমর্পণ করেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন: নরসিংদীতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল অস্ত্র ও গুলি