রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার
খুলনার খানজাহান আলী (র.) সেতুর (রূপসা সেতু) ২নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি সেতুর উপর থেকে লাফ দিয়েছেন। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহের পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’
লবণচরা থানা পুলিশের এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানানো হয়। এ ঘটনায় পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর কারণ তদন্ত করছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু দীর্ঘ তিন দশক ধরে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি চ্যানেল ওয়ান, ভোরের কাগজ, বঙ্গবাণী ও দৈনিক প্রবাহে কর্মরত ছিলেন। খুলনা নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন পৈত্রিক বাড়িতে বসবাস করতেন তিনি। এছাড়া তিনি খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ছিলেন।





