সিংড়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

Sanchoy Biswas
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৬ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় সাতপুকুরিয়া ও ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি রাস্তার পাশের পানিতে হাবিবুর রহমান (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে স্থানীয়রা পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। নিহত হাবিবুর রহমান ইন্দ্রাসন গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

আরও পড়ুন: নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ উদযাপন

স্থানীয়রা জানান, হাবিবুর রহমান সিংড়ায় তার দুলাভাইয়ের ইলেকট্রনিক্সের দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি দোকানে যান এবং দুপুর ১২টা পর্যন্ত দোকানে ছিলেন। নামাজের বিরতিতে দোকান বন্ধ করে সিংড়া মাদরাসা মোড় থেকে সাতপুকুরিয়া পর্যন্ত অটোরিকশায় আসেন। তবে দুপুর ১টার দিকে সাতপুকুরিয়া থেকে কোনো গাড়ি না পেয়ে তিনি একা হেঁটেই হাঁটুপানি ডিঙিয়ে ইন্দ্রাসনের দিকে রওনা হন।

প্রতিবেশীদের ধারণা, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পানি দেখে হঠাৎ রোগের কারণে খিঁচুনি উঠলে তিনি পানিতে পড়ে ডুবে যেতে পারেন।

আরও পড়ুন: বর্ণিল আয়োজনে রাজশাহীতে উদ্যাপিত হলো বাংলা নববর্ষ

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।