নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী যুবক নিহত
নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় পারভেজ ভূইয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ ভূইয়া নেত্রকোনা শহর থেকে সাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ফোনকল পেয়ে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।
আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে ট্রাকটিকে চালকসহ আটক করেন। পরে গুরুতর আহত অবস্থায় পারভেজ ভূইয়াকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পারভেজ ভূইয়া সদর উপজেলার কসবা গ্রামের ইনাম উদ্দিন ভূইয়ার ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, তিনি নেত্রকোনা জেলা শহরের একটি সুপার শপে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।
আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মাজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালক লিটন (৪৫)–কে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





