আজ সিলেট নগরীর বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:২৫ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ট্রান্সফরমারের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৯ ঘণ্টা নির্দিষ্ট কয়েকটি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

সোমবার (২২ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক জানান, উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ পরিচালনার জন্য সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতায় থাকা সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। একই সময়ে ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া ও রাজপাড়া এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

এ ছাড়া ১১ কেভি রায়নগর ফিডারের অন্তর্ভুক্ত সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার ও খারপাড়া এবং ১১ কেভি কুমারপাড়া ফিডারের আওতাধীন যতরপুর, মিরাবাজার, উদ্দীপন, আগপাড়া, মৌসুমি আগপাড়া ও ঝেরঝেরিপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ

উপশহর এলাকার বাসিন্দাদের জন্যও থাকছে ভোগান্তি। ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন উপশহর ব্লক এ, বি, সি, ডি, এবিসি পয়েন্ট, তেররতন, সৈয়দানীবাগ ও সাদারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।