কুমিল্লার মুরাদনগরে ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক
কুমিল্লার মুরাদনগরে ভোট কেনার অভিযোগে টাকাসহ জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালীকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ইউএনও জানান, স্থানীয় লোকজন সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে প্রশাসনকে খবর দিলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে হেফাজতে নেন। তিনি বলেন, “নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত ছিলেন না। তাই আটক ব্যক্তিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হবে।”
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, “এ ঘটনায় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক জামায়াত নেতা পুলিশ হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে জানতে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।





