আশুলিয়ায় তার চুরি করতে এসে শর্টসার্কিটে প্রাণ গেল চোরের

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৩২ পূর্বাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আশুলিয়ায় বৈদ্যুতিক তার চুরি করতে এসে শর্টসার্কিটে এক চোরের মৃত্যু হয়েছে। শিল্পাঞ্চল ঘিরে দীর্ঘদিন ধরে চলমান বৈদ্যুতিক তার চুরির প্রবণতারই আরেকটি করুণ পরিণতি হিসেবে দেখছেন স্থানীয়রা। ভোরের এই মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ও চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় নীট এশিয়া কারখানার পাশেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: হরিদাসের অর্থের উৎস ও দাতাদের পরিচয় জানতে চায় পুলিশ

নিহত ব্যক্তির নাম মো. ফরিদ (কালন), বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ফরিদ কারখানা সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টা করেন। এ সময় লাইভ বৈদ্যুতিক তারে হাত লাগলে হঠাৎ শর্টসার্কিট হয় এবং তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: একতা এক্সপ্রেস লাইনচ্যুত, থমকে উত্তরবঙ্গের রেলপথ

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।