জমে উঠেছে হবিগঞ্জের ঈদ বাজার, শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়

Sanchoy Biswas
নুরুজ্জামান ভূইয়া, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ২:৪০ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে হবিগঞ্জের ঈদ বাজার। শহরের বিভিন্ন শপিং মল, মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কেনাকাটার আমেজ।

হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার, বাণিজ্যিক এলাকা, কালীবাড়ী রোড, বদিউজ্জামান খান সড়ক, তিনকোনা পুকুর পাড়, টাউন হল রোডসহ বিভিন্ন এলাকার মার্কেটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের উপস্থিতি। বিশেষ করে বিকেলের পর থেকে রাত পর্যন্ত শপিং মল ও বিপণিবিতানগুলোতে মানুষের ঢল নামে। পরিবার—পরিজন নিয়ে অনেকেই ঈদের কেনাকাটা সারতে ভিড় করছেন। কাপড়ের দোকানগুলোতে বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে।

আরও পড়ুন: চারঘাটে নির্মাণ কাজে অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ: এমপি চাঁদ

মার্কেটগুলোতে নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাকের দোকানে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে। দেশি—বিদেশি ব্র্যান্ডের গাউন, থ্রি—পিস, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, জিন্স, টি—শার্ট, বাচ্চাদের পোশাকসহ নানা ধরনের পোশাক কিনতে ব্যস্ত ক্রেতারা। পাশাপাশি জুতা, কসমেটিকস, ঘড়ি, ব্যাগ এবং বিভিন্ন ফ্যাশন সামগ্রীর দোকানেও রয়েছে ব্যাপক ভিড়।

আবার অনেকে অনলাইনের মাধ্যমে ঈদের কেনাকাটা করছেন। নাঈমা, নাজিহা ও নওশিন তারাও অনলাইনে পোশাক ক্রয় করেছেন। শহরের প্রসিদ্ধ কাপড়ের দোকান এসডি প্লাজায় উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের বাজারকে কেন্দ্র করে তারা নতুন ডিজাইনের পোশাক ও ফ্যাশন সামগ্রী সংগ্রহ করেছেন। গত কয়েকদিন ধরে বিক্রি বেশ ভালো হচ্ছে এবং ঈদের আগমুহূর্তে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা। নতুন ডিজাইনের পোশাকগুলো ক্রেতারা বেশ পছন্দ করছেন।

আরও পড়ুন: দেশে সয়াবিনের বাৎসরিক চাহিদা ১৬ লাখ মেট্রিক টন

অন্যদিকে চিত্ত বিলাসের মালিক ব্যবসায়ী সেবু দাশ জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে প্রবাসীদের আগমন কম থাকায় অন্যান্যবারের তুলনায় বেচাকেনা আশানুরূপ হচ্ছে না।

পাদুকা ব্যবসায়ী মনসুর উদ্দিন এমদাদ জানান, ঈদের সময়টাতেই সারা বছরের সবচেয়ে বেশি বেচাকেনা হয়। এবারও ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি।

শহরের কসমেটিকস ব্যবসায়ী প্রিয়াঙ্গনের মালিক নেপাল পাল জানান, এবার ক্রেতা খুবই কম দেখা যাচ্ছে। আমাদের ক্রয়মূল্য বেশি থাকায় বাধ্য হয়ে বিক্রয়মূল্য বেশি হচ্ছে। প্রবাসীদের পরিবার কেনাকাটা এখনও শুরু করেনি।

অন্যদিকে ক্রেতারা জানান, ঈদকে কেন্দ্র করে পরিবার ও স্বজনদের জন্য নতুন পোশাক কিনতে বাজারে এসেছেন তারা। অনেকেই শিশুদের জন্য একাধিক পোশাকও কিনছেন। বাজারে বিভিন্ন ধরনের পোশাকের সমাহার থাকায় কেনাকাটা করতেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা।

তবে ভিড় বাড়ার সাথে সাথে কিছু কিছু মার্কেটে যানজট ও ভোগান্তিও লক্ষ্য করা গেছে। তবুও উৎসবের আনন্দে এসব ভোগান্তি অনেকটাই উপেক্ষা করছেন ক্রেতারা।

এদিকে ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে হবিগঞ্জের ঈদ বাজার।