বাগেরহাটে বাস–মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ৮:৪৭ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নিহতদের মধ্যে চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বাকি আটজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদেরও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: নাসিরনগর সদরে ফ্ল্যাট বাসায় দুঃসাহসিক চুরি

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানিয়েছেন বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে ছেড়ে আসা একটি বাস বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহতদের অনেকের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

আরও পড়ুন: সোনাগাজীতে প্রত্যহ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

ঘটনার বিষয়ে ওসি জাফর আহমেদ গণমাধ্যমকে জানান, বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল এবং মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলার দিকে যাচ্ছিল। বেলাই ব্রিজ এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ মাইক্রোবাসের চারজন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।