ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক
খুলনা মহানগরীর লবণচরা এলাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে একই পরিবারের চারজনকে গুলি করা হয়েছে। হামলার ঘটনা ঘটেছে লবণচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায়।
গুলিবিদ্ধরা হলেন- কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাশিদুল ইসলাম (২৪) এবং রাশিদুলের স্ত্রী ফাহিমা (২৭)। রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর দুইজন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরেই হামলার ঘটনা ঘটতে পারে। প্রায় তিন বছর আগে রাশিদুলের সঙ্গে কারাগারে পরিচয় হওয়া ইমরান নামের এক ব্যক্তির স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের সম্পর্ক তৈরি হওয়ায় দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। ছয় মাস আগে ইমরান পুনরায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন, যা ইমরানকে ক্ষুব্ধ করে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে উদ্বুদ্ধ করে বলে ধারণা স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে ভোরে ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান প্রাথমিকভাবে জানিয়েছেন, পরকীয়াজনিত বিরোধের জেরেই হামলা হয়েছে। তিনি বলেন, হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





