শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের মৃত্যু

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ৮:০৩ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে দগ্ধ জাকির হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২১ মার্চ) ভোরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: আশ্বাসেই সীমাবদ্ধ উন্নয়ন: গলাচিপায় কাঁচা সড়কে বন্দি শিক্ষার্থীদের ভবিষ্যৎ

নিহত জাকির হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি পাগলা থানার মুখী স্কুল বাজারে একটি কসমেটিক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এর আগে বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় একটি বহুতল ভবনের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে জাকিরসহ তিনজন দগ্ধ হন। আহত অন্যরা হলেন রবিউল ইসলাম (২৫) ও ইয়াসিন (৩৭)। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

এরমধ্যে গত (১৪ মার্চ) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়। ইয়াসিন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের আলী হোসাইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর আগুন দ্রুত ভবনের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় ঈদ উপলক্ষে এলাকায় প্রচুর লোকসমাগম থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।