ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শাহগঞ্জ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. গোলাম মোস্তফা (৪০), অপরজন নেত্রকোনা জেলার আশকুরি গ্রামের সুলতু মিয়ার ছেলে মো. অসিম (৩৩)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় দুই মাদক কারবারি অবস্থান করছিল। এমন সময় ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাঁদের একজনের কাছ থেকে ৮ হাজার পিস এবং অন্য আরেকজনের নিকট থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভাষ্য, তারা আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের সদস্য। গ্রেপ্তার ব্যক্তিরা ময়মনসিংহ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরের শ্রীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, নিয়মিত আমাদের মাদকবিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।





