পটিয়ার মুহতামিম কাসেমি নদভীর ইন্তেকাল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের কাসেমি নদভী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

মাওলানা আবু তাহের কাসেমি নদভী ১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর নিচিন্তাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নাজির আহমদ। শৈশবেই পারিবারিক পরিবেশে তার দ্বীনি শিক্ষার সূচনা হয়।

আরও পড়ুন: মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার, দুর্ঘটনার শঙ্কা

শিক্ষাজীবনে তিনি নানুপুর, জামিয়া ইউনুসিয়া এবং আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় অধ্যয়ন করেন। ১৯৮০ সালে দাওরায়ে হাদিস এবং ১৯৮১ সালে ইফতা সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভারত ও পাকিস্তানে গমন করেন। ভারতের দারুল উলুম দেওবন্দ-এ পুনরায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং নদওয়াতুল উলামা-এ আরবি ভাষা ও সাহিত্যে উচ্চতর শিক্ষা লাভ করেন।

শিক্ষাজীবন শেষে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় শিক্ষকতা শুরু করেন এবং হাদিস ও আরবি সাহিত্যের শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পাশাপাশি প্রশাসনিক দায়িত্বেও নিয়োজিত ছিলেন এবং দারুল ইকামার নাজিম হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার ইন্তেকালে দেশের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।