টঙ্গীতে উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বিআরটি উড়াল সড়কে চলন্ত একটি প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালক ও আরোহীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গী এলাকার কাদেরিয়া গেট সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গাজীপুরগামী প্রাইভেটকারটি কাদেরিয়া টেক্সটাইল মিল গেট সংলগ্ন লুপ দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: সাবেক র্যাব এডিজি আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যস্ত এই উড়াল সড়কে অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





