কালিয়াকৈরে ৬৫০ পিস ইয়াবা ও মা-ছেলেসহ গ্রেফতার ৪
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের সোলাইমান মিয়ার স্ত্রী ময়না বেগম ওরফে কাজলী (৫২) ও তার ছেলে সালাম মিয়া (২২), কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর বাগানবাড়ি এলাকার ফারুক মিয়ার ছেলে আসিফ (২২) এবং মৃত চান খানের ছেলে আসিক হোসেন রানা (৩৫)।
আরও পড়ুন: চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে কালিয়াকৈর বাজার এলাকার মঞ্জুর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মা ও ছেলেকে আটক করে তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে একই রাতে সাড়ে ১১টায় উপজেলার লতিফপুর জোড়াব্রীজ এলাকায় পৃথক আরেকটি অভিযানে মাদক বেচাকেনার সময় আসিফ ও আসিক হোসেন রানাকে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
আরও পড়ুন: জীবননগরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশী নারী আটক
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





