সাংবাদিক জাহাঙ্গীর আলমের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ

Sanchoy Biswas
রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ১৭ মে ২০২৬ | আপডেট: ৮:০৭ অপরাহ্ন, ১৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাংবাদিকের কণ্ঠরোধ করতে হামলা-ভয়ভীতি প্রদর্শন কোনো সমাধান নয় বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। দৈনিক সাঙ্গু পত্রিকার ফটো জার্নালিস্ট জাহাঙ্গীর আলমের ওপর নৃশংস হামলার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। আজ রোববার (১৭ মে) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সত্য প্রকাশে বাধা সৃষ্টি করতে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলা মানে স্বাধীন গণমাধ্যম ও মুক্তচিন্তার ওপর হামলা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য চরম হুমকিস্বরূপ। মাঠপর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে এ সময় তারা প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা কামনা করেন।

আরও পড়ুন: হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, গ্রেপ্তার ৬

দৈনিক সাঙ্গুর সিনিয়র রিপোর্টার প্রণয় দাশগুপ্ত শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সভাপতি সোহাগ আরেফিন, সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল, সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি মিজান সমরকান্দি ও সাধারণ সম্পাদক রেখা চৌধুরী।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গুর সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান, আব্দুল আলী মজুমদার রান্টু, মঈনউদ্দীন মিলন, জাহিদুল ইসলাম, আছহাব হিরু, মাল্টিমিডিয়া রিপোর্টার বেলায়েত, সাতকানিয়া প্রতিনিধি আলমগীর সবুজ, হাটহাজারী প্রতিনিধি আজহার আল মাহমুদ, দৈনিক পূর্বকোণের রিপোর্টার পরিতোষ বড়ুয়া রানা, দৈনিক সোনালী কণ্ঠের স্টাফ রিপোর্টার শাহজালাল, সাপ্তাহিক ঈশানের রিপোর্টার মো. মাঈনুদ্দীন, দৈনিক খবর প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত, শাহিন আহমেদ, সৌরভ ভট্টাচার্য, বিজয় টিভির ক্যামেরা জার্নালিস্ট স্ট্যালেন দে, চট্টগ্রাম ভয়েসের বার্তা সম্পাদক মো. ফোরমান, এশিয়ান টিভির ক্যামেরা জার্নালিস্ট লিটন, সিটিজি নিউজের রিপোর্টার মো. আশফাকুলসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন: সুনামগঞ্জে গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম চড়া

মানববন্ধন শেষে জাহাঙ্গীর আলমের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।