চিটাগাং চেম্বার নির্বাচন নিয়ে ট্রাইব্যুনালের রায় অমান্য করার অভিযোগ

Sanchoy Biswas
রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ১০:১২ অপরাহ্ন, ২০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এফবিসিসিআই সালিশি ট্রাইব্যুনালের সুনির্দিষ্ট রায় ও আইনি নির্দেশনা উপেক্ষা করে পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে অত্যন্ত তড়িঘড়ি করে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচনী তফসিল ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে 'সম্মিলিত ব্যবসায়ী পরিষদ'। সংগঠনটির নেতৃবৃন্দের দাবি, পুরাতন বাতিলকৃত তফসিল অনুযায়ী আগামী ২৩ মে ভোটগ্রহণের এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি, অবৈধ এবং চেম্বারকে পুনরায় একটি বিশেষ গোষ্ঠীর একচ্ছত্র দখলে নেওয়ার অপপ্রয়াস।

গত ১৯ মে ২০২৬ তারিখে জামালখানস্থ কার্যালয় থেকে 'সম্মিলিত ব্যবসায়ী পরিষদ'-এর পক্ষে প্রচার ও মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ তোলা হয়।

আরও পড়ুন: অধ্যক্ষের সহায়তায় জাল সনদে চাকরি, তুলছেন সরকারি বেতন

বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীরা বলেন, সারা দেশের ন্যায় চট্টগ্রামের ব্যবসায়ীরা যখন পবিত্র ঈদুল আজহা ও হজ্জ পালনের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক এমন মুহূর্তে গত ১৮ মে চিটাগাং চেম্বারের নির্বাচন বোর্ড হঠাৎ করেই আগামী ২৩ মে ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই সিদ্ধান্তকে একটি চরম 'প্রহসনমূলক' পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্ট সাধারণ ব্যবসায়ীরা।

'সম্মিলিত ব্যবসায়ী পরিষদ' সূত্রে জানা যায়, এর পূর্বে চিটাগাং চেম্বারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে এফবিসিসিআই সালিশি ট্রাইব্যুনালে ১১/২০২৫ নং ও ১৩/২৫ নং দুটি আবেদন করা হয়েছিল। ওই আবেদনের শুনানি চলাকালে চেম্বারের সদস্য নির্বাচন সংক্রান্ত বিষয়ে মহামান্য হাইকোর্টে রিট দায়ের করা হলে ট্রাইব্যুনাল সাময়িকভাবে শুনানি স্থগিত রাখেন।

আরও পড়ুন: চট্টগ্রামে এনসিপির মহানগর সদস্য সচিবসহ ৮ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

পরবর্তীতে হাইকোর্টের ১১/১২/২৫ ইং তারিখের রায়ের বিরুদ্ধে বাদীপক্ষ আপিল বিভাগে আবেদন করলে, গত ১২ মার্চ ২০২৬ তারিখে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় আমলে না নিয়ে চিটাগাং চেম্বারের নির্বাচন সংক্রান্ত সকল আবেদন চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য এফবিসিসিআই ট্রাইব্যুনালকে নির্দেশ দেন।

আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট পক্ষসমূহের দীর্ঘ শুনানি শেষে এফবিসিসিআই সালিশি ট্রাইব্যুনাল গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে পূর্বের নির্বাচনী তফসিল বাতিল ঘোষণা করেন। একই সাথে বাণিজ্য সংগঠন আইন ২০২২ ও বিধিমালা ২০২৩, কোম্পানি আইন এবং আয়কর আইনসহ সকল বিধান মেনে চিটাগাং চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজনের স্পষ্ট রায় প্রদান করেন।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দের অভিযোগ, এফবিসিসিআই ট্রাইব্যুনালের এই সুস্পষ্ট রায়কে সম্পূর্ণ অগ্রাহ্য ও অমান্য করে চিটাগাং চেম্বারের বর্তমান নির্বাচন কমিশন আইনি পরিপন্থীভাবে সেই বাতিলকৃত পুরোনো তফসিল অনুযায়ীই আগামী ২৩ মে হঠাৎ ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপ দেশের প্রচলিত আইন ও বিচারিক আদেশের চরম অবমাননা।

এই বাস্তবতায়, বাণিজ্য সংগঠন আইন ও বিধির আলোকে নতুন তফসিল ঘোষণার মাধ্যমে সিসিসিআই-এর নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদানের জন্য গত ১৮ মে বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (ডিজিটিও) বরাবর একটি লিখিত পত্রের মাধ্যমে অনুরোধ জানিয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।

যৌথ বিবৃতিতে সম্মতি ও সংহতি প্রকাশ করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস এম নূরুল হক, জসিম উদ্দিন চৌধুরী, ডা. এটিএম রেজাউল করিম, আহমেদুল আলম চৌধুরী (রাসেল), মোহাম্মদ আইয়ুব, এস এম কামাল উদ্দিন, কাজী ইমরান এফ রহমান, কামরুল হুদা, মো. রফিকুল ইসলাম, মোস্তাক আহমেদ, আহমেদ রশীদ আমু, নূরুল আবছার, মো. আজিজুল হক, মো. রাশেদ আলী, মো. মুসা, মো. আরিফ হোসেন এবং মো. হুমায়ুন কবির পাটোয়ারী প্রমুখ।

ব্যবসায়ী নেতৃবৃন্দ অবিলম্বে এই অবৈধ নির্বাচন স্থগিত করে আইনি প্রক্রিয়া অনুসরণপূর্বক স্বচ্ছ ও নিরপেক্ষ সাধারণ ভোটারদের অংশগ্রহণে নির্বাচনের দাবি জানিয়েছেন।