ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

Sanchoy Biswas
মো. গোলাম কিবরিয়া, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৩০ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের জন্য সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার পাশাপাশি স্থানীয়দের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে নগরীর বাইপাস এলাকার বাদেকল্পা ও উজান বাড়েরা এলাকায় সম্ভাব্য স্থান দুটি পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: হঠাৎ বিত্তবৈভবের মালিক বনে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য, জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতার

পরিদর্শনকালে সম্ভাব্য স্থানগুলোর পারিপার্শ্বিক পরিবেশ, যাতায়াত ব্যবস্থা, ব্যয়-সংকোচন নীতি, অনুন্নত এলাকার উন্নয়নের সম্ভাবনা এবং ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন।

সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে পরিদর্শন দলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এ কে এম মাহাবুবুল আলম।

আরও পড়ুন: পাঁচ দিন ধরে স্থবির কয়লা-চুনাপাথর পরিবহন, দুর্ভোগে দুই হাজার শ্রমিক

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, বাইপাস সড়কের ক্যান্টনমেন্ট গেটকে কেন্দ্র করে বিপরীত পাশে পাশাপাশি দুটি স্থানে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্যয়-সংকোচন নীতি অনুসরণ করেই পরিকল্পনার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন বলেন, বর্তমান সরকার ময়মনসিংহের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপির পাশাপাশি এখানে একটি পার্ক এবং নিরাময়কেন্দ্রও স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে অনুন্নত এলাকার উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে, তেমনি মানুষের জীবনমানেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

এ বিষয়ে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের সুতিকাগার হিসেবে পরিচিত ময়মনসিংহের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। স্থান নির্বাচন সম্পন্ন হলে দ্রুত প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মিত হলে এ অঞ্চলে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, নতুন প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।