গাজীপুরে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শিশুসন্তানের

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৪৭ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি কভার্ড ভ্যানের ধাক্কায় স্বামী, স্ত্রী ও তাদের ৯ মাস বয়সী শিশুসন্তান নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিএন্ডবি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা

নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫), তার স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের ৯ মাস বয়সী ছেলে নুর। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেডের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, শনিবার দুপুরে সন্তানকে নিয়ে ওই দম্পতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী লেনে দ্রুতগতির একটি অজ্ঞাত কভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়।

আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’

পরে গুরুতর আহত অবস্থায় রাকিব হাসান ও তাদের শিশুসন্তান নুরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসানকে মৃত ঘোষণা করেন। শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘাতক কভার্ড ভ্যানটি শনাক্ত ও জব্দে পুলিশ কাজ করছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।