নরসিংদীতে ডাকাতি, ডাকাতের হামলায় নিহত ১
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন নুরালাপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদের কোপে শাহজাহান (৫৬) নামে একব্যক্তি নিহত হয়।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পটুয়াখালীর সাপের খামার: কোটি টাকার বিষে নীতিগত জট
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নুরালাপুর ইউনিয়নের বলভদ্র গ্রামের বাসিন্দা মিলন মিয়ার বসতঘরে একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে। ডাকাত ঢোকার বিষয়টি টের পেয়ে মিলন কৌশলে মুঠোফোনে তার ভাইকে বিষয়টি জানান। পরে বড় ভাই শাজাহান ও তার ছেলে সুরুজ মিয়া দ্রুত মিলনের ঘরের দিকে ছুটে যেতে চাইলে আগে থেকে ওত পেতে থাকা ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করলে শাজাহান ঘটনাস্থলেই প্রাণ হারান। অপরদিকে সুরুজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ডাকাত দল মিলন ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে নগদ ৪ লক্ষ টাকা এবং মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে মাধবদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে বলে জানা যায়।
আরও পড়ুন: নরসিংদীতে গ্যাস সরবরাহ নিয়ে জরুরি ঘোষণা





