বিমানবন্দরে আনসারের তৎপরতায় ছিনতাইকারী আটক, উদ্ধার মোবাইল ও নগদ অর্থ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ গেটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে বিমানবন্দরের প্রবেশ গেটে এপিসি মোঃ সাইফুল ইসলাম, আনসার সদস্য মোঃ মিরাজ উদ্দিন এবং আনসার সদস্য বিপুল রায় দায়িত্ব পালনকালে দেখতে পান, মোঃ শুভ (২৮) নামে এক ব্যক্তি একজন সহযাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করেন এবং ঘটনাস্থলেই হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি
পরবর্তীতে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সার্বক্ষণিক সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ অপরাধ দমনে বাহিনীর কার্যকর ভূমিকার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের উত্থান যেভাবে





