এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ৪:০৬ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করতে হবে। তিনি অভিযোগ করেন, বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে এবং প্রশ্নপত্রেও ভুল ছিল।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে নকল বন্ধের কথা বলছেন, কিন্তু ২০২৬ সালের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে এ ধরনের ‘স্ট্যান্টবাজি’ আর চলবে না। তিনি দাবি করেন, হাঁটুসমান ও বুকসমান পানির মধ্যেও শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছে এবং একটি প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, *‘শিক্ষামন্ত্রী, আপনি যাদের ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরাই রাস্তায় এসেছে বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। শিক্ষার্থীরা গিনিপিগ নয়। তাদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কারণ আপনাদের সন্তানরা দেশে নয়, বিদেশে পড়াশোনা করে।’*

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিটি নিয়ে সরকারের বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।

বন্যা পরিস্থিতি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বন্যায় দুর্ভোগে রয়েছেন। তবে এখনো সব এলাকায় পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ করেন তিনি।

সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তিনি স্থানীয় এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং দেশে চাঁদাবাজির রাজনীতি বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, গ্যাস সংযোগ, ভূমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে জনগণ আবারও আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পথসভায় হাসনাত আবদুল্লাহ সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে এনসিপির সমর্থন ঘোষণা করেন।

এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, মহানগরের আহ্বায়ক শওকত আলী, জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদ, শাকিল সাইফুল্লাহ, জাহিদুল হক বাঁধনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।