বন্যাদুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

Sadek Ali
রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় যথাযথ সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সকল সংস্থাকে বিচ্ছিন্নভাবে নয়, বরং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

১৭ জুলাই (শুক্রবার) রাতে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার শীর্ষ কর্মকর্তাদের সাথে সাম্প্রতিক বন্যা পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা হলো— সকলকে সাথে নিয়ে সমন্বয়ের মাধ্যমে সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং এর মূল লক্ষ্য হতে হবে দেশের সাধারণ জনগণ।

আরও পড়ুন: নরসিংদীতে ডাকাতি, ডাকাতের হামলায় নিহত ১

​কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগের এই সময়ে কে কী করলো বা কোন সংস্থা কতটুকু কাজ করলো, সেই হিসাব নির্ণয় বা কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা করার সময় এখন নয়। যে যার মতো করে বিচ্ছিন্ন সিদ্ধান্ত নিয়ে কাজ করলে সেবার সঠিক মান বজায় থাকে না। এই মুহূর্তে সরকারি-বেসরকারি সকল সংস্থার সম্মিলিত ও সমন্বিত প্রয়াস নিশ্চিত করাই মূল দায়িত্ব এবং কোনো অবস্থাতেই কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের ঘাটতি রাখা চলবে না। পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও অন্যান্য সংস্থার ছোট ছোট অনেক বিচ্ছিন্ন প্রকল্প রয়েছে, যা একসঙ্গে ফোকাস করা অত্যন্ত কঠিন এবং এতে কাঙ্ক্ষিত ফলাফল আসে না। তাই সাময়িক বা ছোট প্রকল্পের পরিবর্তে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে, যাতে রাষ্ট্রীয় সম্পদ ও অর্থনৈতিক উৎসের কোনো অপচয় না হয়।

​মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়ে ব্যারিস্টার মীর হেলাল জোর দিয়ে বলেন, সরকারের উন্নয়ন কাজের জন্য বরাদ্দকৃত টাকা খরচ না করে কোষাগারে ফেরত প্রদান করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। অর্থ ফেরত গেলে সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন কাজ ব্যাহত হয় এবং জনগণ সুফল থেকে বঞ্চিত হয়। তাই তিনি বরাদ্দকৃত অর্থ অপচয় না করে সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন এবং মাঠ পর্যায়ে নিবিড় সমন্বয় নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন।

আরও পড়ুন: চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ২৬৯ স্থানে ভাঙন

​বান্দরবান জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার এমপি সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের এমপি এডভোকেট মাধবী মারমা। এছাড়া সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে এবারের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে জেলার ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও বর্তমান বন্যা পরিস্থিতি তুলে ধরেন এবং দ্রুত পুনর্বাসন কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।