আশুলিয়া-সাভারে ডিবির অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪
ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক তিনটি অভিযানে এক হাজার লিটার চোলাইমদ ও ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ‘থাকো, টাকা নিয়ে আসি’—বলে দুই শিশুকে ফেলে উধাও মা,
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে শনিবার সন্ধ্যা থেকে রোববার রাত পর্যন্ত আশুলিয়ার টঙ্গাবাড়ি ও ডেন্ডাবর নতুনপাড়া এবং সাভারের শোভাপুর রাজফুলবাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
ডিবির ভাষ্য, শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে শান্ত ইসলাম রহিম (২২) নামে একজনকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে একই দিন রাত সাড়ে ১০টার দিকে সাভারের শোভাপুর রাজফুলবাড়িয়া এলাকা থেকে আলমগীর হোসেন (৩১) নামে আরেকজনকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া রোববার রাত ১২টা ৪৫ মিনিটে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমন মারমা (৪৫) ও তাঁর স্ত্রী কালাবি চাকমা (৩৮)-কে এক হাজার লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং জব্দ করা চোলাইমদের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





