‘থাকো, টাকা নিয়ে আসি’—বলে দুই শিশুকে ফেলে উধাও মা,

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ৫:১৫ পূর্বাহ্ন, ২১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুরে হৃদয়বিদারক এক ঘটনায় রাস্তার পাশে ফেলে রেখে দুই কন্যাসন্তানকে ছেড়ে চলে গেছেন এক মা। ‘থাকো, টাকা নিয়ে আসি’—এই কথা বলে চলে যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি। অসহায় দুই শিশু হিলি থানা মোড়ে বসে কান্নাকাটি করতে থাকলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে আসে।

রোববার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত হিলি বন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফেনী জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম হোসেন জানান, সকাল ১০টার কিছু আগে একটি অফিসের বারান্দায় দুই শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পান। জানতে চাইলে তারা জানায়, তাদের মা ছোট ভাইকে কোলে নিয়ে চলে গেছেন এবং যাওয়ার সময় বলেছেন, ‘থাকো, আমি টাকা নিয়ে আসি।’ এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। পরে শিশুদের খাবার কিনে দিলেও তারা কান্না থামায়নি। একপর্যায়ে বিষয়টি হাকিমপুর থানা পুলিশকে জানানো হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুটির বাবা জীবন মাদকাসক্ত এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। অভাব-অনটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে সঙ্গে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে চলে যান।

আরও পড়ুন: ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

তিনি আরও জানান, শিশু দুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদি জীবিত রয়েছেন। পরিবারের সদস্যদের খুঁজে বের করে শিশু দুটিকে নিরাপদে তাদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিশুদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।