জনগণের ভোটে নির্বাচিত সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামকে খুবই ভালোবাসেন। ফলে বর্তমান অর্থবছরে গ্রামীণ রাস্তা-ঘাট, বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ অন্যান্য খাতে ব্যাপক উন্নয়নের সুফল অচিরেই আপনারা পাবেন, ইনশাআল্লাহ।
তিনি শনিবার (২৫ জুলাই) নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে চণ্ডীপাশা ইউনিয়ন বিএনপির এক ঐতিহাসিক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
তিনি আরও বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বিএনপি সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়। তাই দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, সে লক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।
সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছে। বর্তমানে সারাদেশে ফ্যামিলি কার্ডের জন্য শুমারি কার্যক্রম (গণনা) চলছে। এতে প্রকৃত প্রাপ্য ব্যক্তিরা ফ্যামিলি কার্ড পাবেন।
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আরও বলেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট (এইচএসসি) পর্যন্ত বিনামূল্যে করেছিল। বর্তমানে তাঁরই সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এবার ডিগ্রি ও অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করার ব্যবস্থা করছে।
উক্ত বিশাল কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, ওমর ফারুক নোমানী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, কামরুজ্জামান রাসেল, আকরাম হোসেন ফেরদৌস, শাকিল মাহমুদ, ওসমান গনি লিটন সরকারসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নান্দাইলের ইতিহাসে ইউনিয়ন পর্যায়ের কর্মী সম্মেলনে এত লোকের সমাগম এটাই প্রথম বলে সম্মেলনে আসা সাধারণ জনগণ জানান। সম্মেলনে প্রতিটি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ বাদ্যযন্ত্র নিয়ে মিছিলসহকারে যোগদান করেন। মিছিলে মহিলাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।





