মাদকবিরোধী প্রচারণায় ফুটবল প্রতিযোগিতায় চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
"কৌতূহলে মাদক নিলে, জীবন হবে অর্থহীন। পরিবারে নেমে আসবে দুর্দশা সীমাহীন। মাদক ছেড়ে মাঠে আসুন, সুন্দর জীবন গড়ুন"—এ স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী প্রচারণায় সুপার কাপ ফুটবলের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছিল। শেরপুর সদরের চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, শেরপুরের সহযোগিতায় ৫ নম্বর ধলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১২ জুলাই বিকেলে চান্দেরনগর কোহাকান্দা এসহক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে "মাদককে না বলুন" স্লোগানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় শেরপুরের ধলা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মাদক কারবারিদের উদ্দেশ্যে ঘোষণা করেন, "হয় মাদক ছাড়তে হবে, নইলে ধলা ইউনিয়ন ছাড়তে হবে।"
আরও পড়ুন: জনগণের ভোটে নির্বাচিত সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫ নম্বর ধলা ইউনিয়ন বনাম ২ নম্বর চরশেরপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। খেলাটি উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আকরামুজ্জামান রাহাত, চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, শেরপুরের সভাপতি এমএ রশীদ বিএসসি, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন এবং চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা।
আরও পড়ুন: চিলমারীতে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন
খেলায় ধলা ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
এ সময় অতিথিবৃন্দ গাছের চারা রোপণ করে ধলা ইউনিয়নের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, "শেরপুর সদরকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করতে হবে।" তিনি আরও বলেন, "প্রতিটি ইউনিয়নে সরকার খুব তাড়াতাড়ি খেলার মাঠ করে দেবে।"
জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন বলেন, "মনে রাখবেন, সমাজকে মাদকমুক্ত করতে না পারলে আমরা কেউ শান্তিতে বসবাস করতে পারব না। মানুষকে সচেতন করতে এমন খেলাধুলার আয়োজন খুবই ভালো উদ্যোগ। এ ধরনের উদ্যোগে আমরা পাশে থাকব।"
পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। মাদকবিরোধী যেকোনো কর্মসূচিতে জেলা পুলিশ আপনাদের পাশে থাকবে। আমরা মাদক কারবারিদের বিষয়ে কারও কোনো তদবির শুনি না। মাদকের বিরুদ্ধে যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।"
উল্লেখ্য, শেরপুরকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, শেরপুর খেলাধুলা, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করে আসছে।





