চিলমারীতে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৫ নম্বর চিলমারী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।
শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুরে চিলমারী উপজেলার করাইবরিশাল বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের নির্বাচিত ইউনিয়ন সভাপতি রিয়াজুল জোদ্দারকে আহ্বায়ক না করে আলম ইসলাম (আলো)কে আহ্বায়ক করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, রিয়াজুল জোদ্দার ২০১৬ সালে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তাদের অভিযোগ, আলম ইসলাম (আলো) অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই অবস্থায় তাকে কীভাবে বিএনপির আহ্বায়ক করা হলো, এ বিষয়ে তারা জেলা বিএনপির কাছে ব্যাখ্যা দাবি করেন।
রিয়াজুল জোদ্দার তার বক্তব্যে নবগঠিত আহ্বায়ক কমিটির সমালোচনা করে অবিলম্বে ৫ নম্বর চিলমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার দাবি জানান।
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অভিযোগ করেন, আলম ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতন ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তারা এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিতর্কিত কমিটি বাতিলের আহ্বান জানান।
এছাড়া উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিষয়টি বিবেচনা করে ৫ নম্বর চিলমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনের অনুরোধ জানান।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা সংযোজন করা হবে।





