ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল শুরু

Sanchoy Biswas
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৪৫ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ঘোষিত ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

হরতালের প্রথম দিন রোববার (২৬ জুলাই) সকাল থেকে উত্তর উপজেলার নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়ন এলাকায় সর্বাত্মকভাবে হরতাল পালিত হচ্ছে।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হরতাল সমর্থকরা ঢাকা-ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক, গহিরা-হেঁয়াকো সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাঁশ, ইটসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন। এতে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ প্রায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

হরতালের প্রতি সংহতি জানিয়ে অধিকাংশ ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রাখেন। ফলে বাজারগুলোতে স্বাভাবিক দিনের কোলাহলের পরিবর্তে নীরব পরিবেশ বিরাজ করতে দেখা যায়।

হরতালকারীরা জানান, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনগণের সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এ বিষয়ে আন্দোলন চালিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।

এদিকে, হরতাল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, সকাল থেকে হরতাল শুরু হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।