চট্টগ্রাম বন্দরের চ্যানেলে নিয়ন্ত্রণ হারালো কনটেইনারবাহী জাহাজ

Sanchoy Biswas
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:০৩ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে একটি কনটেইনারবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নেভিগেশন বয়া ও রিটেইনিং ওয়ালে ধাক্কা খেয়েছে। জাহাজটি চলাচলের সময় স্টিয়ারিং সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে। তবে বন্দরের চ্যানেল নিরাপদ ও উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সোমবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের চ্যানেলে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফেনীতে আকস্মিক গ্যাস সংকট, রান্না বন্ধ; অচল সিএনজি পাম্প, চরম দুর্ভোগে জনজীবন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস চ্যানেল দিয়ে চলাচলের সময় হঠাৎ স্টিয়ারিং সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ২ নম্বর রেড বয়ার সঙ্গে ধাক্কা খায়। পরে রিটেইনিং ওয়ালে আঘাত লেগে আটকে যায়।

তিনি বলেন, ঘটনার পরপরই বন্দরের টাগবোট কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সব সামুদ্রিক সংস্থার সমন্বয়ে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান স্বীকৃতির দাবি, ন্যায্য মজুরির আহ্বান

সৈয়দ রেফায়েত হামিম আরও জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দরের চ্যানেল সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত রয়েছে। জাহাজ চলাচল স্বাভাবিক আছে এবং অন্য কোনো জাহাজের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়নি। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজটি নিরাপদে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ায় বন্দরের স্বাভাবিক কার্যক্রমে উল্লেখযোগ্য কোনো বিঘ্ন ঘটেনি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।