জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান স্বীকৃতির দাবি, ন্যায্য মজুরির আহ্বান

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:২৮ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদানের স্বীকৃতি, গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং সব শ্রেণি-পেশার শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবিতে ঢাকার আশুলিয়ায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে আশুলিয়ার মধ্য গাজীরচট খন্দকার মসজিদ-সংলগ্ন এলাকায় ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অথচ শ্রমিকেরা এখনো ন্যায্য মজুরি, কর্মসংস্থান ও কর্মক্ষেত্রে নানা সংকটে রয়েছেন। বন্ধ কারখানা দ্রুত খুলে দিয়ে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

এ ছাড়া গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবিও তুলে ধরেন বক্তারা। তাঁরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আফজাল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বশির আহম্মেদ এবং ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি শেখ মো. আল-আমিন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফাইজুল ইসলামসহ ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।