পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ঝাউতলা সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক ডা. মো. শহীদ হোসেন চৌধুরী এবং পুলিশ সুপার মো. আবু ইউসুফ, বিপিএম (সেবা)।
আরও পড়ুন: ‘প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসররা জাতির প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করছে’
এ ছাড়া স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার (কুট্টি), জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, দলের সিনিয়র নেতৃবৃন্দ, এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা।
দিবসটি উপলক্ষে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, জুলাই গ্যালারি পরিদর্শন, আলোচনা সভা, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা, বিশেষ প্রার্থনা, প্রীতিভোজ এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচির আয়োজন করা হয়। তবে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা বর্জন করেন এনসিপি নেতা বশির উদ্দিন।
আরও পড়ুন: গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
এদিকে জেলার বিভিন্ন মসজিদে বাদ জোহর এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দিবসের পূর্বসূচি হিসেবে গত ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।





