নরসিংদীতে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রসহ আটক ৩

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:০৭ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী রায়পুরার দুর্গম চরাঞ্চলে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র‍্যাবের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল।

মঙ্গলবার (১১ আগষ্ট) সন্ধ্যায় রায়পুরা থানায় পুলিশ সুপার মো.আব্দুল্লাহ আল-ফারুক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। 

আরও পড়ুন: হাওরে অবৈধ বালু উত্তোলনে ভাঙ্গছে নদীতীর, বাড়ছে আতঙ্ক

আটককৃতরা হলেন, উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামের মৃত তালেব আলীর ছেলে আলকাস মিয়া (৬০), একই গ্রামের হাসন আলীর ছেলে মনির মিয়া (৩৫) এবং গোলাপ মিয়ার ছেলে সায়েম (১৪)। এসময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ৯ রাউন্ড শর্টগানের লাল রঙের কার্তুজ, ১টি হলুদ রঙের হেলমেট, ৪টি বুলেটপ্রুফ জ্যাকেট,

১টি স্টিলের তৈরি ঢাল, ৮টি দেশীয় বল্লম, ১৪টি লাল রঙের বালতিতে রাখা ১৩৬ (একশত ছত্রিশ)টি ককটেল, ১ বালতি পাথর, ১টি ইঞ্জিনচালিত নৌকা ও ২টি মুঠোফোন উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: শেরপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

পুলিশ সুপার জানান, উপজেলার চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র‍্যাবের সমন্বয়ে গঠিত একটি দল অভিযান পরিচালনা করে অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ সহ তিনজনকে আটক করে। 

তিনি আরও জানান, মেঘনা নদীবক্ষে দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় ২টি গ্রুপের মধ্যে বিরাজমান বিরোধের প্রেক্ষিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামি ও পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যেই মূলত এ অভিযান ছিল।