সাভারে কথা কাটাকাটির জেরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির ১৩ নেতাকর্মী বহিষ্কারের ‘বিজ্ঞপ্তি’ ভুয়া
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং করা নিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের ওপর হামলা চালানো হয়।
পরে রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তাঁর ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাংবাদিক গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন
সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এক এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে সামান্য ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন ওই এসআই ও তাঁর ছেলে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি সাভার জোনে কর্মরত ছিলেন না। আমিনবাজারে তাঁর একটি জায়গা রয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।





