কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট

Shahrier Islam Pallab
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:১২ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুনের শিখা কারখানার চারিদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি করে বেরিয়ে আসেন শ্রমিক-কর্মচারীরা। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

কারখানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুর এলাকায় ৬ তলা ভবনের নিচতলায় অবস্থিত স্টোর ও হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে কোনাবাড়ি থেকে আরও ২টি এবং গাজীপুর চৌরাস্তা থেকে অতিরিক্ত ২টি সহ মোট ৬টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

আরও পড়ুন: শেরপুরে ডিসি গোল্ড কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, আগুন লাগার সাথে সাথে সব শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়।

আরও পড়ুন: পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

এদিকে খবর পেয়ে কারখানার সামনে উৎসুক জনতার ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।